সংগঠনের ইতিহাস

সংগঠনের ইতিহাস

বিগত দুই বছর যাবৎ বিদ্যমান সংগঠনগুলোকে একই প্ল্যাটফর্মে এনে শিক্ষকদের ন্যায্য দাবী আদায়ের একটি শক্তিশালী নেতৃত্ব গঠনের জন্য বিভিন্ন পর্যায়ের সম্মানিত শিক্ষক প্রতিনিধিবৃন্দ সর্বোচ্চ চেষ্টা করেছেন। বিভিন্ন স্থানে, একাধিক প্ল্যাটফর্মে (অনলাইন ও অফলাইন) বিভিন্ন খ্যাতিমান শিক্ষাবিদদের মধ্যস্থতায় ও আহবানে বিভিন্ন পর্যায়ে নেতৃত্বদানকারী শিক্ষকদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সবাইকে একছাতার নিচে, একব্যানারে এসে কাজ করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বারংবার বুঝানোর চেষ্টা করা হয় যে, একটা প্ল্যাটফর্ম, একটা ব্যানার ও একটা সাংগঠনিক কাঠামো, এটা সকল সাধারণ শিক্ষকদের প্রাণের দাবী ও দীর্ঘদিনের আকাঙ্খা এবং মনের গভীরে জমানো এক প্রত্যাশা।
বিভিন্ন প্রচেষ্টা ও পদ-পরিক্রমা শেষে, বিগত ১০ মে ২০২৫ দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে একক সংগঠন গঠন বিষয়ক এক আলোচনা সভায় অংশ নিতে উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মোঃ আল-মামুন, প্রভাষক শরণখোলা সরকারি কলেজ ও জনাব মোঃ আমিনুল হক, প্রভাষক বারহাট্টা সরকারি কলেজ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে আলোচনায় অংশগ্রহণের অনুরোধ করেন। বিভিন্ন সোস্যাল মিডিয়াতে খোলা চিঠি ও লিফলেট প্রচার করে আগ্রহী নেতৃবৃন্দকে সভায় যোগদানের আহবান জানান। ৬টি সংগঠন তাদের প্রতিনিধি পাঠান এবং একক সংগঠন গঠনে একমত পোষণ করেন। যারা অংশগ্রহণ করেনি তাদের সাথে পুনরায় যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখেন। কিন্তু সকলের আন্তরিক সহযোগিতা ও একীভূত হওয়ার মানসিকতা না থাকায় সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়। সাম্প্রতিক সময়ে ০৪(চার) জনের একটি প্রতিনিধি দল জনাব মোহাম্মদ শামীম উদ্দিন, জনাব মোঃ আতিক উল্লাহ চৌধুরী, জনাব মোঃ মামুনুর রশিদ ও জনাব সাইদুর রহমান মোল্লা শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে ডিজি ও মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে আলোচনার প্রস্তাব দিলে তাঁরা সাংগঠনিক প্ল্যাটফর্ম বা সংগঠনের ব্যানারে আবেদন দেয়ার অনুরোধ করেন এবং অসংখ্য সংগঠনের স্ব-ঘোষিত নেতাদের স্ব-বিরোধি বক্তব্যের সমালোচনা করেন। উল্লেখিত পরিস্থিতি বিবেচনায় এবং অন্যদিকে সারাদেশের সাধারণ শিক্ষকদের প্রাণের দাবি ও সময়ের প্রেক্ষাপটে এবং ৩৩৫ টি কলেজের সম্মানিত নন-ক্যাডার শিক্ষকদের সরাসরি ভোটের মাধ্যমে একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে "ননক্যাডার কলেজ শিক্ষক সমিতি" নামে একটি সংগঠনের রূপরেখা তৈরি করা হয়।
এই সাংগঠনিক প্ল্যাটফর্ম তৈরিতে যারা অবদান রেখেছেন এবং একক সংগঠন গঠনের প্রচেষ্টার জন্য যাদের নিকট আমরা কৃতজ্ঞ এবং যাদের কয়েকজনের নাম উল্লেখ না করলে নয়।
সর্বজনাব অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীন, মোঃ সাজেদুর রহমান লিটু, মোঃ সামছুল আলম, মোঃ জাবের হুদা, মোঃ আব্দুল্লাহ-আল-মামুন, মোঃ রবিউল ইসলাম রাজু , জাহাঙ্গীর আলম মুকুল, ড. কিষাণ মোস্তফা, মোঃ আনিসুর রহমান আরিচ, মোঃ মহিউদ্দিন ভূইয়া, দীপু কুমার গোপ, মোঃ আতাউর রহমান প্রমুখ।